স্টাফ রিপোর্টার :- টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নে অবৈধ জাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার উত্তর হাবলার সুন্দরী খালে এই অভিযান চালিয়ে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরী খালে মৎস্য সম্পদ রক্ষায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৫০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। যার দৈর্ঘ্য প্রায় ১ হাজার মিটার। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা। পরে উপস্থিত সকলের সামনে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন বাসাইল উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাসাইল থানার সাব-ইন্সপেক্টর সাইদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, হাবলা ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, গ্রাম পুলিশ এবং মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ।
বাসাইল উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম বলেন, দেশীয় মাছের বংশবিস্তার নিশ্চিত করতে এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধ করতেই আমরা এই অভিযান পরিচালনা করছি। মৎস্য সম্পদ রক্ষায় জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








