স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় আছিয়া খাতুন (২০) নামের এক গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ মৃত্যুকে ঘিরে স্বামীর পরিবারের দাবি রাতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছিয়া আত্মহত্যা করেছে। অন্যদিকে আছিয়া খাতুনের পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকান্ড। রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ডুবাইল ইউনিয়নের পড়াইখালি গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
সোমবার (২ নভেম্বর) সকালে সোবার ঘরের খাট থেকে মৃত অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আছিয়া খাতুনের ২ মাস বয়সের এক কন্যা সন্তান রয়েছে। জানা যায়, দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের গড়াসিন গ্রামের খোরশেদ আলমের মেয়ে আছিয়া বেগমের ১ বছর আগে বিয়ে হয় একই উপজেলার ডুবাইল ইউনিয়নের পড়াইখালি গ্রামের শাজাহান মৃধার ছেলে আসিফ মৃধার সঙ্গে। উভয় পরিবারের সম্মতিতেই বিয়েটি হয়েছিল।
এ বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরীর পর ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বলা যাবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা। তবে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।








