স্টাফ রিপোর্টার:- প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় শতাধিক কৃষক-কৃষাণীর অংশগ্রহণে মাধ্যমে পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ হল রুমে এ কংগ্রেসের আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
টাঙ্গাইল সদর উপজেলা নিবার্হী অফিসার শাহিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশেক পারভেজ। উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা কৃষি অফিসার রুমানা আকতার।
বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বৃদ্ধি, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
কৃষি খাতের টেকসই উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ, কৃষক দলের সাধারণ সম্পাদক ভিপি শামীম, ভিপি মনির, কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক প্রতিনিধি, স্থানীয় উদ্যোক্তা, বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।









