স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলে টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্লে গ্রুপ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত স্কুল ও মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ৫০০ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
টিচার্স ফাউন্ডেশনের টাঙ্গাইলের সভাপতি ড. খন্দকার আনিছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি মো. হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ইউপিইটিসির ইন্সট্রাক্টর মো. ইসলাম মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, ‘আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামি দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে একযোগে কাজ করতে হবে। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে।’
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার আয়োজন করেছেন, যাতে শিক্ষার্থীরা শুধু লেখাপড়ায়ই নয়, সহশিক্ষা কার্যক্রমেও অংশ নিয়ে নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে পারে।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ৫০০ কৃতি শিক্ষার্থীর হাতে বৃত্তির সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি টাঙ্গাইলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাহিত্যবিষয়ক সম্পাদক ভবেশ মুকুট পালসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।








