আলোকিত বাংলা ডেস্ক: যমুনাসেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সেতু এলাকা থেকে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার জুড়ে উত্তরবঙ্গগামী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। শনিবার (৬ জুন) সকালে যমুনা সেতুর ওপর ও আশপাশের এলাকায় কয়েকটি বিভিন্ন যানবাহন বিকল হওয়ায় মহাসড়কে ওই যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যানজটের কারণে অনেক যানবাহন ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে রয়েছে। বিশেষ করে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকের যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ মো. শরীফ জানান, অতিরিক্ত যানবাহনের চাপে ও সেতুর ওপর গাড়ি বিকল হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। বিকল হওয়া যানবাহনগুলো দ্রুত সরিয়ে নেওয়ার কাজ চলছে। যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে ও ট্রাফিক পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন। দ্রুতই মহাসড়কে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে তিনি জানান।








