স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ১০০ কেজি গাঁজাসহ ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪ দলের সদস্যরা। রোববার (৪ অক্টোবর) ভোরে উপজেলার বেতুয়া তিন রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে একটি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেল তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আশরাফুল আলম (৩৯), রাজু ইসলাম ও হেলাল মিয়া (৪২)। তাদের মধ্যে হেলাল মিয়া বহেড়াতৈল ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক।
এসআরবি-১৪-এর ৩নং কোম্পানির মিডিয়া অফিসার নাদিয়া ফারজানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর উপজেলার বেতুয়া এলাকায় চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে তল্লাশির একপর্যায়ে কাভার্ডভ্যান থেকে বিশেষ কায়দায় প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান ও মোটরসাইকেল, নগদ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এসআরবি-১৪-এর পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিল। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আলামতসহ সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বেতুয়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।








