স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের সখীপুর উপজেলার ২ নং বহেড়াতৈল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক বাবুল শিকদারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ২ নং বহেড়াতৈল ইউনিয়নের বেতুয়া গ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সাবেক ইউপি সদস্য বাদশা মেম্বার মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল শিকদার বলেন, বহেড়াতৈল ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে আমি আছি এবং কাজ করে যাচ্ছি। জনসাধারণের কাছ থেকেও ভালো সাড়া পাচ্ছি। আমি শতভাগ আশাবাদী, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল আমাকে সমর্থন দেবে।
মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা বাবুল শিকদারকে তাদের সমর্থনের কথা জানান। একই সঙ্গে গ্রাম থেকে একাধিক প্রার্থী না হয়ে সমন্বয়ের মাধ্যমে একক প্রার্থী দেওয়ার পরামর্শ দেন তারা।
বহেড়াতৈল ইউনিয়ন যুবদলের সহসভাপতি মাহমুদুল হাসান রুবেলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ ও সাবেক চেয়ারম্যান রেনুবর রহমান, কালিয়ান দাখিল মাদ্রাসার সাবেক সুপার এসএম আব্দুর রহমান, স্থানীয় সাবেক মেম্বার শরবেশ আলী, খলিলুর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, ইঞ্জিনিয়ার শহিদুর রহমান, ব্যাংক কর্মকর্তা বিল্লাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।








