স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ধুলটিয়া গ্রামে ঐতিহ্যবাহী গ্রামবাংলার হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ধুলটিয়া দক্ষিণপাড়া স্কুল মাঠে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। এতে ধুলটিয়া গ্রামের দলকে ৩-১ পয়েন্টে হারিয়ে জয়লাভ করে অলোয়া ভবানী গ্রামের দল।
ঐতিহ্যবাহী এ খেলা দেখতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। গ্রামীণ জনপদের হারিয়ে যেতে বসা খেলাটি উপভোগ করতে পেরে আনন্দ প্রকাশ করেন খেলা দেখতে আসা দর্শকেরা। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি,করটিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো.ইউসুফ আলী।
প্রধান অতিথির বক্তব্যে মো.ইউসুফ আলী বলেন,খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। হাডুডুর মতো গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন। তিনি এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান এবং আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সবার কাছে দোয়া প্রার্থনা করেন। খেলাটি পরিচালনা করেন মজনু মিয়া এবং সঞ্চালনা করেন মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মো. বাদশা মিয়া, আব্দুর রহমান বায়েজিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা।