স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৫ জুলাই) সকালে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক দলীয় প্যাডে এ সিদ্ধান্ত জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চলমান বিশ্বকাপ ফুটবল ম্যাচে জাপানকে (২-১) গোলে পরাজিত করে ব্রাজিলের বিজয় উদযাপন করতে গিয়ে খন্দকার আমিনুল ইসলাম মিন্টু থ্রি-পিস পরা অবস্থায় নাচ-গান করে আনন্দ প্রকাশ করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে ওয়ার্ড বিএনপির সভাপতির পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বহিষ্কৃত নেতা খন্দকার আমিনুল ইসলাম মিন্টুর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মির্জাপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।









