স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের ভূঞাপুরে পাট ক্ষেতের আড়ালে গাঁজা চাষ করে বেশি লাভবান হওয়ার স্বপ্ন দেখেছিলেন আল আমিন (৩৮) নামের এক ব্যক্তি। কিন্তু জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১১টি বড় সাইজের গাঁজা গাছ সহ তাকে গ্রেপ্তার করে লালিত স্বপ্নভঙ্গ করে দিয়েছে। বৃহস্পতিবার(২ জুলাই) ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আল আমিন ওই গ্রামের মৃত বাদশাহ মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশিদুল ইসলাম জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির আঙ্গিনায় পাটক্ষেতের মাঝখানে গাঁজা গাছের চারা রোপন করে চাষ করছিলো আল আমিন, এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভূঞাপুর উপজেলার বলরামপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১১টি বড় সাইজের গাঁজা গাছ উদ্ধার এবং আল আমিনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভূঞাপুর থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।









