স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলে ঘাটাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে একইসঙ্গে অবসরপ্রাপ্ত শিক্ষকদের এককালীন ভাতা প্রদান উপস্থিত শিক্ষক সমাজের মধ্যে আনন্দের উৎসবমুখর পরিবেশে হিল্লোল তৈরি করে।
শনিবার(২৭ জুন) সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির।
ঘাটাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. হুমায়ুন খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান মনির। সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় নীতিনির্ধারণী পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্যাহ সরকার, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. মোজাহারুল ইসলাম মাজহার, সাধারণ সম্পাদক মো. হারুনার রশিদ। অন্যদের মধ্যে কক্তব্য রাখেন, ঘাটাইল পৌর সভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জহুরুল হক শামীম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান শাহীন প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শিক্ষকদের মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঘাটাইল উপজেলার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দও শিক্ষকদের স্বার্থ সংরক্ষণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে। পরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে এককালীন ভাতার চেক তুলে দেওয়া হয়। দীর্ঘদিন শিক্ষাক্ষেত্রে অবদান রাখা এসব শিক্ষকদের সম্মাননা ও ভাতা প্রদান অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
ওই সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।








